বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ আগস্ট ২০২৫, ৮:১৩ অপরাহ্ন
শেয়ার

চলতি সপ্তাহে বিভাগীয় এবং পরবর্তী সপ্তাহে জাতীয় সম্মেলন

‘কমপ্লিট শাটডাউন’ চলবে, ঘোষণা বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের


BSc-engineers-movement

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে একত্র হওয়া ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সরকারি-বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের নেতারা।

সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মের সভাপতি মো. ওয়ালি উল্লাহ বলেন, “আমাদের আন্দোলন তিন দফা দাবির ভিত্তিতে চলছিল। কিন্তু সংঘাতের পর যে আশ্বাস দেওয়া হয়েছিল, আজও তা বাস্তবায়িত হয়নি। তাই নতুন ঘোষণা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব ক্যাম্পাসে শাটডাউন চলবে।”

সভায় ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে বিদ্যমান বৈষম্যের বিষয়গুলো তুলে ধরা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, অনেক সরকারি চাকরির পদ শুধু ডিপ্লোমাধারীদের জন্য সংরক্ষিত, যেখানে বিএসসি ডিগ্রিধারীদের কোনো সুযোগ দেওয়া হয় না। এ বৈষম্য দূর করার দাবিও জানানো হয়।

আন্দোলনকারীরা জানান, চলতি সপ্তাহে বিভাগীয় এবং আগামী সপ্তাহে জাতীয় সম্মেলন আয়োজন করা হবে। জনদুর্ভোগ এড়াতে শান্তিপূর্ণ কর্মসূচিই চালিয়ে যাওয়া হবে।

এদিকে সংকট নিরসনে ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠনের ঘোষণা দিয়েছে সরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। এর আগে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানের নেতৃত্বে আট সদস্যের একটি কমিটি কাজ শুরু করেছিল।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী প্রকৌশলীদের দাবি বহুদিনের। এটি রাতারাতি সমাধান হবে না। এজন্য সবার মতামত শোনা এবং আইনগত বিষয়গুলো খতিয়ে দেখার পর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।”

তিনি আরও জানান, আন্দোলনকারীরা চাইলে তাদের প্রস্তাব লিখিত আকারে জমা দিতে পারবেন এবং ওয়ার্কিং গ্রুপের সঙ্গে আলোচনায় বসতে পারবেন। কমিটিকে এক মাস সময় দেওয়া হয়েছে সুপারিশ চূড়ান্ত করার জন্য।

এ অবস্থায় পুলিশি হামলার নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (শিক্ষা ও গবেষণা) ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সরকারের দায়িত্বহীনতা ও অবহেলার কারণেই আন্দোলন ঘনীভূত হয়েছে। বিবৃতিতে আন্দোলনকারীদের যৌক্তিক দাবির দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।