বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
শেয়ার

নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত দিদারুলের পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ


yunus

নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি নিহত দিদারুলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্কের একটি হোটেলে দিদারুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্বরূপ একটি ক্রেস্টও তুলে দেন প্রধান উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন দিদারুল ইসলামের বাবা মোহাম্মদ আবদুর রব, মা মিনারা বেগম, দুই ছেলে আয়হান ইসলাম ও আজহান ইসলাম, ভাই কামরুল হাসান, ভাতিজা আদিয়ান হাসান, বোন নাদিমা বেগম ও চাচা আহমেদ জামাল উদ্দিন। এছাড়া সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, পত্রিকায় ঘটনাটি পড়ে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। টিভিতে দেখেছি তাঁর শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল নেমেছিল। অসংখ্য মানুষের শোক, শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছেন তিনি। তাই নিউইয়র্কে এসে আপনাদের সঙ্গে দেখা করার প্রয়োজনীয়তা অনুভব করেছি।

পরিবারের সদস্যরা জানান, দিদারুল ইসলাম নিউইয়র্ক পুলিশের একজন দায়িত্বশীল ও প্রশংসিত কর্মকর্তা ছিলেন। তিনি ২০২১ সালে পুলিশ বিভাগে যোগ দেন এবং ব্রঙ্কসের ৪৭ নম্বর প্রিসিঙ্কটে কর্মরত ছিলেন। তাঁর দুটি সন্তান রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল ইসলাম। এক তরুণ সেদিন একটি বহুতল করপোরেট ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালানোর পর আত্মহত্যা করে। হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান দিদারুল। পরে তাঁর মরদেহে আট থেকে দশটি গুলির চিহ্ন পাওয়া যায়।