
দলীয় প্রতীক হিসেবে শাপলাকে পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনী আচরণবিধিমালা এবং প্রতীক ভেটিং হয়ে কমিশনে এসেছে, সেখানে প্রতীকের তালিকায় শাপলা নেই। বিকল্প প্রতীকের আবেদন জন্য তাদের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, এনসিপিকে নতুন করে প্রতীক জমা দিতে হবে কমিশনের কাছে। সংশোধিত প্রতীকের তালিকাতে শাপলা না থাকায় এনসিপি পাচ্ছে না এ প্রতীক। বিকল্প প্রতীকের আবেদন আহ্বান জানানো হয়েছে তাদের। তবে যেসব প্রতীক কমিশনের রয়েছে ওইসব প্রতীকের মধ্য থেকেই চাইতে হবে।
তিনি আরও বলেন, আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে সংলাপ শুরু হবে। প্রথমে সুশীল সমাজ এবং শিক্ষক প্রতিনিধিদের দিয়ে শুরু হবে সংলাপ।







































