
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ, ব্যাংকিং খাতের সংস্কার এবং এশিয়াজুড়ে তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের প্রসঙ্গও ওঠে। অজয় বঙ্গ গত ১৪ মাসে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এর জবাবে ড. ইউনূস ওয়ার্ল্ড ব্যাংকের অবিচল সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চুরি হওয়া অর্থ উদ্ধারের পাশাপাশি চট্টগ্রাম বন্দর আধুনিকায়নে সহায়তা কামনা করেন। তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে এবং আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বড় ভূমিকা রাখতে পারে। এ বন্দর আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি- চলুন, একসঙ্গে উন্নয়ন করি।”
ড. ইউনূস বৈঠকে উল্লেখ করেন, নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত দেশ এবং ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য চট্টগ্রাম বন্দর উন্নয়নের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হতে পারে।
ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে অজয় বঙ্গ বলেন, “টেকসই ও উচ্চ প্রবৃদ্ধির অর্থনৈতিক উন্নয়নের জন্য এসব সংস্কার অপরিহার্য।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।








































