রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২০ ডিসেম্বর ২০২৫, ৮:৪০ অপরাহ্ন
শেয়ার

যাত্রীকে মেরে রক্তাক্ত করলেন ভারতীয় পাইলট


indian-pilot

যাত্রীকে মেরে রক্তাক্ত করলেন ভারতীয় পাইলট

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক পাইলটের বিরুদ্ধে। নিজের শিশুসন্তানদের সামনেই বাবার ওপর এমন হামলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী যাত্রী অঙ্কিত দেওয়ান জানান, তিনি স্ত্রী, সাত বছরের কন্যা এবং চার মাস বয়সী সন্তানকে নিয়ে টার্মিনাল–১–এর নিরাপত্তা তল্লাশি এলাকায় অপেক্ষা করছিলেন। ছোট শিশু থাকায় বিমানবন্দরের কর্মীরা তাদের একটি নির্দিষ্ট লেনে পাঠান।

অভিযোগ উঠেছে, ওই সময় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলট ক্যাপ্টেন বিরেন্দ্র সেজওয়াল সারি ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। অঙ্কিত দেওয়ান এতে আপত্তি জানালে পাইলট তাকে ‘অশিক্ষিত’ বলে গালিগালাজ শুরু করেন। কথাকাটাকাটির একপর্যায়ে মেজাজ হারিয়ে ওই যাত্রীকেই শারীরিকভাবে আক্রমণ করেন পাইলট সেজওয়াল।

অঙ্কিত দেওয়ানের প্রকাশিত ছবিতে তার মুখে রক্তের দাগ দেখা গেছে। তিনি বলেন, “আমার সন্তানদের সামনেই আমাকে নৃশংসভাবে মারা হয়েছে। এই দৃশ্য দেখে আমার বড় মেয়ে এতটাই আতঙ্কিত যে সে এখন উড়োজাহাজে ভ্রমণ করতে ভয় পাচ্ছে।”

ভুক্তভোগীর আরও অভিযোগ, পরিবারের ভ্রমণের বুকিং (যার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার রুপি) বাতিল হওয়ার ভয় দেখিয়ে তাকে দিয়ে জোর করে একটি আপসনামায় স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, দ্রুত ব্যবস্থা না নিলে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ নষ্ট করে ফেলা হতে পারে।

দিল্লি পুলিশ জানিয়েছে, আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পেলেই তারা আইনানুগ ব্যবস্থা নেবে। অন্যদিকে, এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।

অভিযুক্ত পাইলট বিরেন্দ্র সেজওয়ালকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনো ফ্লাইটে ডিউটি করতে পারবেন না। সংস্থাটি জানিয়েছে, ঘটনার সময় ওই পাইলট ডিউটিতে ছিলেন না, বরং অন্য একটি এয়ারলাইনের যাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন।

পেশাদার আচরণ ও শৃঙ্খলার প্রতি নিজেদের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে এয়ারলাইন্সটি জানিয়েছে, তদন্তে দোষী সাব্যস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।