
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৫ লাখ ৭৫ হাজার ২৬৯ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৫ লাখ ৩৮ হাজার ৮০৮ জন পুরুষ ও ৩৬ হাজার ৪৫৯ জন নারী রয়েছেন।
সোমবার ১০টা ৩৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবের ১ লাখ ৩৮ হাজার ৭০৫ জন, কাতার থেকে নিবন্ধন করেছেন ৫২ হাজার ১০৯ জন, ওমান থেকে নিবন্ধন করেছেন ৩৮ হাজার ৯৯ জন, মালয়েশিয়ায় ৩৬ হাজার ৪২৭ প্রবাসী ও সংযুক্ত আরব আমিরাত থেকে ২৬ হাজার ৫০০ প্রবাসী নিবন্ধন করেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ২৪ হাজার ৫৫ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এ ক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এ জন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে। এই নিবন্ধনের সময় বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি চলছে ইসিতে। এ ক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোটার টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।





































