সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ ডিসেম্বর ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন
শেয়ার

দিল্লির পর আগরতলা-শিলিগুড়িতেও বাংলাদেশের ভিসা সেবা বন্ধ ঘোষণা


visa-center-bd

ছবি: সংগৃহীত

নয়াদিল্লির পর এবার ভারতের আগরতলা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শহর দুটিতে হামলার চেষ্টা ও ধারাবাহিক বিক্ষোভের ঘটনায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এসব স্থানে সাময়িকভাবে কনসুলার ও ভিসা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

এর আগে একই ধরনের নিরাপত্তা উদ্বেগের কারণে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান বন্ধ করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব সেবা স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও জানান, ভিসা সেন্টারগুলো একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

এদিকে সোমবার শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারের সামনে দিনভর বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় বাংলাদেশের পতাকা সংবলিত ফ্লেক্স ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করা হয়। একই ধরনের বিক্ষোভ ও কুশপুতুল দাহের ঘটনা ঘটেছে কলকাতার বিভিন্ন এলাকাতেও।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থি সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০ থেকে ২৫ জন সদস্য বিক্ষোভ করে। তারা প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়।

এই ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনারের পরিবার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে এবং তারা হুমকি অনুভব করছেন বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা।

এছাড়া কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনেও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ করেছে। সোমবার (২২ ডিসেম্বর) এই বিক্ষোভে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন বিকালে কলকাতার বেগবাগান মোড়ে শত শত বিক্ষোভকারী মিছিল করে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের দিকে যেতে থাকে। তবে প্রায় ২০০ মিটার দূরে তাদের আটকে দেয় কলকাতা পুলিশ।