
সংগৃহীত ছবি
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) হাইকমিশনের প্রকাশিত এক নোটিশে জানানো হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। নোটিশে সেবাবঞ্চিতদের কাছে দুঃখও প্রকাশ করা হয়।
গত শনিবার ও রবিবার দিল্লিস্থ হাইকমিশনের সামনে উগ্রপন্থী এক সংগঠনের ২০-২৫ জন সমর্থক বিক্ষোভ করেন। এ সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়ার হুমকি দেন এবং বাংলাদেশি হাইকমিশনারকে লক্ষ্য করে হুমকিমূলক স্লোগান দেন।
এ ঘটনার প্রতিক্রিয়ায় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, দিল্লির কূটনৈতিক এলাকায় এমন ঘটনা উদ্বেগজনক। সেখানে নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও উগ্রপন্থিদের উপস্থিতি প্রত্যাশিত ছিল না।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে হাইকমিশনারের পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে এবং হুমকির আশঙ্কা অনুভব করছেন। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হাইকমিশনের সেবা চালু নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।





































