
নিজের দল বিলুপ্ত করে নেতা-কর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন সৈয়দ এহসানুল হুদা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।
সোমবার (২২ ডিসেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বিএনপিতে যোগদান করলেন। তাকে অভিনন্দন জানাই। আশা করি, তার এ যোগদান আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে।’
যোগদান করে সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘আমি আমার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলাম। বিএনপিতে যোগদানের সুযোগ করে দেওয়ায় বিএনপির মহাসচিবসহ সবার প্রতি আমি কৃতজ্ঞ।’
তিনি আরো বলেন, ‘আজ নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র চলছে। এমন মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আজ আমি বিএনপিতে যোগদান করছি। আশা করছি অতীতে যেভাবে রাজপথে সংগ্রাম করেছি, ৩১ দফার আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নে সামান্য হলেও ভূমিকা রাখতে পারবো।”
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপিতে যোগদানের পর অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাকে কিশোরগঞ্জ-৫ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হতে পারে। সেক্ষেত্রে ওই আসনে ধানের শীষের বর্তমান প্রার্থী পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ৮ ডিসেম্বর নিজ দল বিলুপ্ত করে নেতাকর্মীদেরসহ বিএনপিতে যোগ দেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। যোগদানের পর তাকে লক্ষ্মীপুর-১ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়।
এ ছাড়া গত ১ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।









































