সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ ডিসেম্বর ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন
শেয়ার

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ


Delhi BD high Commission Protest

ছবি: সংগৃহীত

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটেছে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে পরিচিত বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সদস্যরা এই বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভকারীরা ব্যানার–ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দীপু দাসের হত্যার বিচার দাবি করেন। এ সময় তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকাও দাহ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েক দফা ধস্তাধস্তির ঘটনা ঘটে।

বিপুল সংখ্যক বিক্ষোভকারী নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তারা ‘ভারত মাতা কি জয়’, ‘ইউনূস সরকার হুঁশে আসো’ এবং ‘হিন্দু হত্যা বন্ধ করো’—এ ধরনের স্লোগান দেন। এক পর্যায়ে অন্তত দুই স্তরের ব্যারিকেড ভেঙে ফেলা হয় বলে অভিযোগ ওঠে।

গত সপ্তাহে বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাস হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে ভারতের বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল।

এদিকে ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।