
ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ সকাল ৭টার কিছু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের জন্য একটি বিশেষ বুলেটপ্রুফ গাড়ি পৌঁছেছে। বিমানবন্দর থেকে বের হওয়ার পর এই গাড়িটি করেই তিনি তার নির্ধারিত কর্মসূচিগুলোতে অংশ নেবেন।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে গতকাল বুধবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে ‘বিজি ২০২’ ফ্লাইটে তারেক রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং দলের প্রায় ৫০ জন নেতাকর্মী রয়েছেন। ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি দিয়ে আজ বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি সড়কপথে ৩০০ ফিট এলাকায় (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) নির্মিত বিশাল সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এবং দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করবেন। এরপর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন তার চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে। সেখান থেকে সবশেষে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফিরবেন।
এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে বিমানবন্দর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নিরাপত্তার স্বার্থে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। পুরো এলাকায় গোয়েন্দা নজরদারির পাশাপাশি পুলিশের সোয়াট টিমকে প্রস্তুত রাখা হয়েছে।
প্রিয় নেতাকে একনজর দেখতে গতকাল রাত থেকেই ৩০০ ফিট ও বিমানবন্দর সংলগ্ন এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো নেতাকর্মীর ঢল নেমেছে। তীব্র শীত উপেক্ষা করে হাজার হাজার মানুষ তাদের নেতাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।








































