রবিবার । মার্চ ২২, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৬ ডিসেম্বর ২০২৫, ৯:০০ অপরাহ্ন
শেয়ার

শান্তর শতকে বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহীর দাপুটে জয়


shanto

ছবি: সংগৃহীত

সব নাটকীয়তা পেছনে ফেলে বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে দারুণ জয় দেখিয়েছে রাজশাহী ওয়্যারিয়র্স। মিরাজের নেতৃত্বাধীন সিলেট সিক্সার্সকে ৮ উইকেটে হারিয়ে শান্তের দল শক্তিশালী বার্তা দিয়েছে।

১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজশাহী। ইনিংসের তৃতীয় ওভারে তানজিদ হাসান তামিম খালেদ আহমেদের শর্ট বলে মিড অনে হযরতউল্লাহ জাজাইয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ৮ বল খেলে ১০ রান করা বাঁহাতি ওপেনার শুরু থেকেই বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেননি।

এক উইকেট হারানোর পর সাহিবজাদা ফারহান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জুটি গড়ার চেষ্টা করেন, কিন্তু পাওয়ার প্লেতে বেশি রান তুলতে পারেননি। মাঝের ওভারে রান তোলার চেষ্টায় বিদায় নেন সাহিবজাদা, ১৯ বল খেলে ২০ রান করে।

এরপর ব্যাটিংয়ের দায়িত্ব কাঁধে নেন শান্ত ও মুশফিকুর রহিম। ধীরে ধীরে ছন্দে ফেরেন দুই ব্যাটার। শান্ত ৩৬ বল খেলে ফিফটি পূর্ণ করেন এবং পঞ্চাশের পর আরও আক্রমণাত্মকভাবে খেলতে থাকেন। নাসুম আহমেদের এক ওভারে চার ও ছক্কা হাঁকিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন তিনি।

১৭তম ওভারের শেষ বলে ইথান ব্রুকসকে ছক্কা মেরে শতরান পূর্ণ করেন শান্ত। শেষ ওভারে গিয়ে ৫৮ বলে নিজের সেঞ্চুরি স্পর্শ করে রাজশাহীর জয় নিশ্চিত করেন তিনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেটের পক্ষে শুরুতে আক্রমণাত্মক ছিলেন ওপেনার সাইম আইয়ুব। মাত্র ১৫ বল খেলে ২৮ রান করে বিদায় নেন। রনি তালুকদার ক্রিজে কিছুটা স্থির থাকলেও ৪১ রান করেন। আফগান ব্যাটার হজরতউল্লাহ জাজাই ১৮ বল খেলে ২০ রান করে বড় ইনিংস গড়তে পারেননি।

দলের পারভেজ হোসেন ইমন শেষ পর্যন্ত একক নায়ক হয়ে ওঠেন। মাত্র ৩৩ বল খেলে অপরাজিত ৬৫ রান করেন, শেষ পাঁচ ওভারে ৬৫ রান যোগ করে দলকে বড় সংগ্রহে পৌঁছে দেন।

রাজশাহীর বোলারদের মধ্যে সন্দীপ লামিচানে গুরুত্বপূর্ণ সময়ে দুটি উইকেট নিয়েও শেষ দিকে ছন্দ হারান। অতিরিক্ত থেকে আসে মাত্র ৩ রান। শান্তের শতক ও দলের সমন্বয়ে রাজশাহী ওয়্যারিয়র্স জয় নিশ্চিত করে উদ্বোধনী ম্যাচে।