রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৯ ডিসেম্বর ২০২৫, ৯:২০ অপরাহ্ন
শেয়ার

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে এনসিপি


NCP logo

ফাইল ছবি

সারা দেশে মোট ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থীরা। তবে এসব মনোনয়ন এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছে দলটি। আসন সমঝোতা ও জোটগত সিদ্ধান্তের ভিত্তিতে চূড়ান্ত তালিকা পরে ঘোষণা করা হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমাদের ৪৭টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। কারা কারা মনোনয়ন জমা দিয়েছেন, সে তথ্য খুব শিগগিরই জানানো হবে। তবে আসিফ মাহমুদের আসনে আমাদের কোনো প্রার্থী নেই। সেখানে আপনারা আমাদের জোটের প্রার্থীদের দেখতে পাবেন।”

নাহিদ ইসলাম আরও জানান, এনসিপির আসন সমঝোতা প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তিনি বলেন, “আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। আগামী কয়েক দিনের মধ্যেই এটি চূড়ান্ত হবে। আমরা কিছুটা বাড়িয়ে মনোনয়ন জমা দিয়েছি, কারণ যাচাই-বাছাইয়ে কিছু মনোনয়ন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে।”

দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, দলের স্বার্থে যারা এবারের নির্বাচনে অংশ নেবেন না, ভবিষ্যতে দল তাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করবে। নাহিদ ইসলাম বলেন, “এনসিপি সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার পক্ষে কাজ করবে এবং জোটের সামগ্রিক স্বার্থে কাজ চালিয়ে যাবে। দলের স্বার্থে আমরা যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি, তা সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতেই নেওয়া হয়েছে। যারা দলের স্বার্থে ব্যক্তিগত আত্মত্যাগ করেছেন, দল অবশ্যই তাদের মূল্যায়ন করবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব আবু বাকের মজুমদারসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।