
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের কয়েকজন নেতা।
ঢাকা-১১ আসনে (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২৯ ডিসেম্বর) তার পক্ষে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন দলের শীর্ষ নেতারা।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্যসচিব তামিম আহমেদ, প্রস্তাবকারী ওমর ফারুক, সমর্থনকারী মো. সামীর হোসেনসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা। বিষয়টি নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জোটগত আসন সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১১ আসনটি এনসিপিকে ছেড়ে দিয়েছে জামায়াতে ইসলামী। এর আগে এই আসনে জামায়াতের প্রার্থী ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।
জামায়াতের নেতৃত্বাধীন জোটের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা ঘোষণার পরপরই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আতিকুর রহমান। রোববার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি নাহিদ ইসলামকে শুভকামনা জানান এবং নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।
উল্লেখ্য, একই দিনে জামায়াতের সমমনা আট দলের জোটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।











































