রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৪ জানুয়ারি ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
শেয়ার

আইপিএল সম্প্রচার বন্ধের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে: রিজওয়ানা


আইপিএল সম্প্রচার বন্ধের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে: রিজওয়ানা

ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ২০২৬ মৌসুমের সম্প্রচার না করা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে। প্রক্রিয়া যাচাই-বাছাই করার পরে একটি পদক্ষেপ নেয়া হবে।

রোববার (০৪ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। সচিবালয় বিট কাভার করা সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’ (বিএসআরএফ) এ মতবিনিময়ের আয়োজন করে।

তিনি বলেন, ‘বিষয়টা হচ্ছে যে, খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম, খুবই ভালো হতো। কিন্তু আনফরচুনেটলি, খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘অন্যান্য সময় আমরা কী বলি? দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও, যে কোনও দুইটা দেশ, আমি বাংলাদেশ-ভারত, বাংলাদেশ-নেপাল এরকম বলছি না, ভারত-নেপাল, ভারত-মালদ্বীপ— এটা বলছি না, বলছি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও, বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা, এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে।

উল্লেখ, আসন্ন আইপিএল ২০২৬ মৌসুমের আগেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, বাংলাদেশে যেনো আইপিএলের খেলা সম্প্রচার না করা হয়।