
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকছে বাংলাদেশ। এ বিষয়ে করণীয় নির্ধারণে বুধবার সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, সহসভাপতি ও একাধিক বোর্ড পরিচালক।
বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ভারতের ভেন্যুতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার অবস্থান থেকে সরকার ও বিসিবি সরে আসছে না। এ সিদ্ধান্তের কথা জানিয়ে আগামী এক থেকে দুই দিনের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।
সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে আসিফ নজরুল বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা এবং দেশের সম্মান প্রশ্নে কোনো আপস করা হবে না। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আগ্রহী, তবে তা শ্রীলঙ্কায় আয়োজনের শর্তে। ভারতে খেলতে না যাওয়ার অবস্থান থেকে সরকার ও বিসিবি সরে আসবে না বলেও তিনি স্পষ্ট করেন।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ভারতের নিরাপত্তা শঙ্কার বিষয়টি তুলে ধরে আইসিসিকে আবারও চিঠি দেওয়া হবে। তার ভাষায়, সিদ্ধান্ত চূড়ান্ত- বাংলাদেশ ভারতে যাবে না।
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই টানাপোড়েনের সূত্রপাত। এর জেরে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে এবং নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়।
বিশ্বকাপ শুরুর আর এক মাস বাকি থাকলেও বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিতে এখনো আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।









































