
মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে তিনি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত থাকবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। শুনানিকালে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার বিভূতি তরফদার।
এর আগে ঋণ খেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে ওই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে তা স্থগিত করা হয়।
আইনজীবীরা জানান, চেম্বার আদালতের আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী বর্তমানে ঋণ খেলাপি হিসেবেই বিবেচিত হবেন, যা তার প্রার্থিতার ক্ষেত্রে আইনগত বাধা সৃষ্টি করবে।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।







































