রবিবার । মার্চ ২২, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১০ জানুয়ারি ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শেয়ার

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি, সোমবার আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত


Aminul Islam Bulbul

ফাইল ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাঠে খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে বিসিবি ইতিমধ্যেই আইসিসিকে দুইবার চিঠি পাঠিয়েছে, তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিসিবি ভারতে না খেলার অবস্থানেই অনড় রয়েছে। তিনি আশা করছেন, আগামী সোমবার বা মঙ্গলবার আইসিসি থেকে চিঠির জবাব পাওয়া যাবে।

শনিবার (১০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আঞ্চলিক ক্রিকেট সংস্থার অধীনে স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানের পরে সাংবাদিকদের মুখোমুখি হন বুলবুল। সেখানে তিনি বলেন, “না, আমরা এখনও কোনো উত্তর পাইনি। যত তথ্য বা লিংক অ্যাটাচমেন্ট প্রয়োজন, আমরা সবই দিয়েছি। এখন আমরা অপেক্ষা করছি আইসিসি আমাদের কী জানায়।”

ভারতের অন্য ভেন্যুতে খেলার প্রস্তাব এলে বিসিবির অবস্থান কী হবে—এ প্রশ্নের জবাবে বুলবুল বলেন, “ভারতের অন্য ভেন্যুও তো ভারতই। তবে যেহেতু আমরা এই বিশ্বকাপের বিষয়ে একক সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আর যেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম এখনো সেখানেই আছি।”