রবিবার । মার্চ ২২, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১১ জানুয়ারি ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
শেয়ার

শান্ত-ওয়াসিমের ব্যাটে রংপুরকে উড়িয়ে দিলো রাজশাহী


shanto-wasim

শান্ত -ওয়াসিম দুজনে ফিফটি পেয়েছেন। ছবি: সংগৃহীত

নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিমের দাপুটে ব্যাটিংয়ে রংপুর রাইডার্সকে ৭ উইকেটে এবং ৫ বল হাতে রেখে হারিয়েছে রাজশাহী। এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজশাহী, আর রংপুর নেমে গেছে তিন নম্বরে।

১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে তানজিদ হাসান তামিম (৩) দ্রুত ফিরলেও কোনো চাপেই পড়তে হয়নি রাজশাহীকে। দ্বিতীয় উইকেটে শান্ত ও ওয়াসিমের ব্যাটে সহজেই ম্যাচ নিজেদের করে নেয় দলটি। ৫১ বলে ১০৫ রানের দুর্দান্ত জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি রাজশাহীর হাতে তুলে দেন এই দুজন।

শান্ত ৪২ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় করেন ৭৬ রান। অন্য প্রান্তে ৫৯ বলে অপরাজিত ৮৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন মোহাম্মদ ওয়াসিম, যেখানে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে রংপুর। রিপন মণ্ডলের বলে কাইল মায়ার্স (৮) আউট হন। অধিনায়ক লিটন দাস (১১) ও ইফতিখার আহমেদও (৮) সুবিধা করতে পারেননি। ৭২ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয় ও খুশদিল শাহ বড় জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান।

হৃদয়-খুশদিল জুটি ৫১ বলে যোগ করেন ১০৫ রান। খুশদিল ২৯ বলে ৪৪ করে আউট হন। হৃদয় এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে, তবে শেষ বলে তিন রান দরকার থাকলেও তা করতে পারেননি। ৫৬ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংসে তিনি মারেন ৮টি চার ও ৬টি ছক্কা।

হৃদয়ের দুর্দান্ত ইনিংসে রংপুর সংগ্রহ করে ১৭৮ রান। তবে শান্ত ও ওয়াসিমের কার্যকর ব্যাটিংয়ের সামনে সেই রান পাহাড় টিকতে পারেনি।