বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১১ জানুয়ারি ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
শেয়ার

বিপিএলের ইতিহাসে প্রথমবার একাদশে একসঙ্গে বাবা-ছেলে


nabi-hasan

সংগৃহীত ছবি

বিপিএলের ইতিহাসে যোগ হলো এক অনন্য ও আবেগঘন অধ্যায়। এই প্রথমবার কোনো দলের একাদশে একসঙ্গে খেললেন বাবা ও ছেলে।

রোববার (১১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে এমন ঐতিহাসিক মুহূর্তের জন্ম দেয় নোয়াখালী এক্সপ্রেস। দলটির একাদশে জায়গা পান আফগানিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার মোহাম্মদ নবি ও তার ছেলে হাসান ইশাখিল।

চলতি মৌসুমে প্রথমবার বিপিএলে অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। আসরের শুরু থেকেই দলের সঙ্গে ছিলেন ইশাখিল। অন্যদিকে কয়েক ম্যাচ পর দলে যোগ দেন অভিজ্ঞ মোহাম্মদ নবি। অষ্টম ম্যাচে এসে বাবা ও ছেলেকে একই একাদশে দেখা যায়, যা বিপিএলের ইতিহাসে প্রথম ঘটনা।

শুধু একাদশে একসঙ্গে নামাই নয়, ম্যাচে একই সঙ্গে ব্যাট করেও দর্শকদের বাড়তি রোমাঞ্চ উপহার দেন নবি-ইশাখিল। তৃতীয় উইকেটে হাবিবুর রহমান সোহান আউট হওয়ার পর ওপেনার ইশাখিলের সঙ্গে ব্যাট করতে নামেন তার বাবা মোহাম্মদ নবি—যা ক্রিকেটপ্রেমীদের জন্য ছিল এক স্মরণীয় দৃশ্য।

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের সঙ্গে ইনিংস শুরু করেন হাসান ইশাখিল। প্রথম বল থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে নজর কাড়েন তিনি। অভিষেক ম্যাচেই তিনি খেললেন ৬০ বলে ৯২ রানের এক দানবীয় ইনিংস, যা দলের সর্বোচ্চ সংগ্রহ।

৪১ বছর বয়সী মোহাম্মদ নবির দীর্ঘদিনের স্বপ্ন ছেলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলা। সেই স্বপ্ন পূরণ হবে কি না, তা সময়ই বলবে। তবে বিপিএলে বাবা-ছেলে একসঙ্গে মাঠে নেমে এবং একই ইনিংসে ব্যাট করে ইতোমধ্যেই ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখিয়ে ফেলেছেন তারা।

এর আগে ঘরোয়া ক্রিকেটে বাবা-ছেলে একসঙ্গে খেলার নজির রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ন চন্দরপল ও তার ছেলে ত্যাগনারায়ন চন্দ্রপল একসঙ্গে ১১টি ম্যাচ খেলেছিলেন। তবে বিপিএলের মঞ্চে এমন ঘটনা এই প্রথম, যা নিঃসন্দেহে লিগটির ইতিহাসে একটি বিশেষ ও গর্বের মুহূর্ত।