বুধবার । জুন ৩, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১২ জানুয়ারি ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
শেয়ার

মুস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে, জানিয়ে আইসিসির চিঠি


Mustafiz

ফাইল ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতে খেলার ক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইসিসির নিরাপত্তা বিভাগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি চিঠি দিয়েছে। এতে তিনটি নির্দিষ্ট কারণ উল্লেখ করে বলা হয়েছে, এসব বিষয় থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।

বুধবার বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, চিঠিতে বলা হয়েছে- দলে মোস্তাফিজুর রহমান থাকলে, বাংলাদেশি সমর্থকেরা জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করলে এবং দেশের জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে তত নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।

এই বক্তব্যকে ‘উদ্ভট’ ও ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে আসিফ নজরুল বলেন, “আইসিসি যদি আশা করে আমরা আমাদের সেরা বোলারকে বাদ দেব, সমর্থকেরা জার্সি পরবে না এবং নির্বাচন পেছানো হবে- এর চেয়ে অবাস্তব কিছু হতে পারে না।”

Asif Nazrul

ভারতের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, সেখানে উগ্র সাম্প্রদায়িকতা ও বাংলাদেশবিরোধী মনোভাবের কারণে নিরাপদ পরিবেশে খেলা সম্ভব নয়। মোস্তাফিজ ইস্যু এবং আইসিসির চিঠি সেটিই প্রমাণ করে।

তিনি আরও বলেন, আইসিসির কোনো দেশের একক প্রভাবের অধীনে থাকা উচিত নয়। যদি সংস্থাটি সত্যিই বৈশ্বিক সংগঠন হয়, তবে বাংলাদেশকে শ্রীলঙ্কা, পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতে খেলার সুযোগ দেওয়া উচিত।

সবশেষে ক্রীড়া উপদেষ্টা বলেন, “যেখানে আমাদের একজন খেলোয়াড়ের খেলার পরিবেশ নেই, সেখানে দল পাঠানো যায় না। ভারতের কোনো জায়গাতেই বর্তমানে বাংলাদেশের জন্য নিরাপদ পরিবেশ নেই।”