
ছবি: সংগৃহীত
ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সাম্প্রতিক বক্তব্যকে আইসিসির সরাসরি জবাব হিসেবে উল্লেখ করা সঠিক নয় বলেও দাবি করেছে বোর্ড।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ক্রীড়া উপদেষ্টার উল্লেখ করা চিঠিটি মূলত নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত আইসিসি ও বিসিবির অভ্যন্তরীণ আলোচনার অংশ। এটি বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধে আইসিসির কোনো আনুষ্ঠানিক বা সরাসরি জবাব নয়।
বিসিবি আরও জানায়, ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তারা আইসিসিকে জানিয়েছে এবং দলের নিরাপত্তার স্বার্থে বিকল্প ভেন্যুর অনুরোধ করেছে। তবে এ বিষয়ে এখনো আইসিসির আনুষ্ঠানিক উত্তর পাওয়া যায়নি।
এর আগে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদারও ফেসবুকে একই তথ্য জানান। তিনি লেখেন, ক্রীড়া উপদেষ্টার উল্লেখ করা চিঠিটি আসলে আইসিসির একটি আন্তঃবিভাগীয় নোট, যা হুমকি পর্যালোচনার অংশ। এটি বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরানোর অনুরোধে আইসিসির কোনো সরাসরি জবাব নয়।
সোমবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, আইসিসির নিরাপত্তা বিভাগ তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে বলে উল্লেখ করেছে- দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি, সমর্থকদের জার্সি পরে চলাফেরা এবং বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন।
তবে এসব কারণকে তিনি “অবাস্তব” আখ্যা দিয়ে বলেন, সেরা বোলারকে বাদ দেওয়া, সমর্থকদের জার্সি পরা বন্ধ করা কিংবা খেলার জন্য নির্বাচন পেছানোর মতো প্রত্যাশা বাস্তবসম্মত নয়। তাঁর দাবি, এসব কারণই প্রমাণ করে ভারতে বাংলাদেশের জন্য ক্রিকেট খেলা কঠিন হয়ে পড়েছে।















































