বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৪ জানুয়ারি ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শেয়ার

চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২


থাইল্যান্ডে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর একটি নির্মাণ ক্রেন ধসে পড়ে অন্তত ২২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ব্যাংকক থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে উত্তর-পূর্ব থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশে স্থানীয় সময় সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাংকক থেকে উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমার শিখিও জেলায় যাত্রা করা ট্রেনটি উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। হঠাৎ একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণাধীন ক্রেন ট্রেনের ওপর পড়ে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়। তবে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনার খবর দিয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলছে এবং ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজ চলছে, যার কারণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় ১৯৫ জন যাত্রী ও কর্মী ছিলেন। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে তদন্ত চালাচ্ছে।