সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৪ জানুয়ারি ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
শেয়ার

আপিল শুনানির পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৭২ জন


Election Commission

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির পঞ্চম দিনে ৭২ জন প্রার্থীর আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে এসব প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘আজ মোট ১০০টি আপিল আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৭২টি আবেদন মঞ্জুর এবং ১৭টি আবেদন নামঞ্জুর করা হয়। এছাড়া ১০ জনের আবেদন এখনও পেন্ডিং রয়েছে।’

ইসি সচিব আরও জানান, পাঁচ দিনের আপিল শুনানি শেষে এখন পর্যন্ত মোট ২৭৭ জন প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে। অন্যদিকে ৮১ জন প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে। বাকি আবেদনগুলো এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, আপিল শুনানিতে সংশ্লিষ্ট প্রার্থীদের দাখিল করা কাগজপত্র, যুক্তি ও ব্যাখ্যা পর্যালোচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। যেসব প্রার্থীর ক্ষেত্রে ত্রুটি বা ঘাটতি সংশোধনযোগ্য ছিল, সেসব ক্ষেত্রে ইতিবাচক সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আপিল শুনানির এই প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রতীক বরাদ্দসহ নির্বাচনের পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

এদিকে আপিল শুনানির মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থীর প্রার্থিতা ফিরে আসায় নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই বাকি আপিল আবেদনগুলোর নিষ্পত্তি করা হবে।