
আগামী ২১ জানুয়ারি থেকে ৭৫টি দেশের জন্য সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করছে যুক্তরাষ্ট্র সরকার। তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, রাশিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, ব্রাজিলসহ বহু দেশ। তবে পাকিস্তান থাকলেও ভারতের নাম না থাকায় কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। ফক্স নিউজের প্রকাশিত অভ্যন্তরীণ নথি অনুযায়ী, যেসব আবেদনকারী ভবিষ্যতে মার্কিন সরকারের আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন, তাদের ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনায় ভিসা যাচাই ও নিরাপত্তা প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হবে। ‘পাবলিক চার্জ’ আইনের আওতায় বয়স, স্বাস্থ্য, ইংরেজি দক্ষতা, আর্থিক সক্ষমতা ও চিকিৎসা প্রয়োজন বিবেচনা করে ভিসা বাতিল করা যাবে।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগগট বলেন, যারা মার্কিন সমাজে অতিরিক্ত সরকারি সহায়তার ওপর নির্ভর করতে পারেন বলে মনে হবে, তাদের ভিসা দেওয়া হবে না।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।




































