
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমেই অবনতিশীল হয়ে উঠছে এবং বিশ্ব আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদে নতুন নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
পুতিন বলেন, বৈশ্বিক অঙ্গনে পুরনো সংঘাতগুলো আরও তীব্র হচ্ছে এবং একই সঙ্গে নতুন সংকটের কেন্দ্র তৈরি হচ্ছে। তবে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিবর্তন বা ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভসহ সংবেদনশীল আন্তর্জাতিক ইস্যু নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
ভাষণে নাম উল্লেখ না করে যুক্তরাষ্ট্রের একপাক্ষিক নীতির সমালোচনা করে পুতিন বলেন, কিছু শক্তিধর দেশ অন্যদের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে চায় এবং একক সংলাপের মাধ্যমে বিশ্ব রাজনীতি পরিচালনা করতে আগ্রহী।
তিনি আরও জানান, রাশিয়া একটি ‘মাল্টিপোলার’ বা বহুমুখী বিশ্ব ব্যবস্থার পক্ষে এবং ইউরোপে নতুন নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব নিয়ে আলোচনায় আগ্রহী। আন্তর্জাতিক সম্প্রদায় ভবিষ্যতে এই প্রস্তাবের গুরুত্ব বুঝবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্কের বড় অবনতি ঘটেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: রয়টার্স












































