বুধবার । মার্চ ৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৭ জানুয়ারি ২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ন
শেয়ার

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপ: ট্রাম্প


Greenland-Trump

গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করা দেশগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বৈঠকে তিনি বলেন, গ্রিনল্যান্ড বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত না হলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক বসানো হতে পারে।

ট্রাম্প দাবি করেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ও চীনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় অঞ্চলটির ওপর মার্কিন মালিকানা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। তবে কোন দেশের ওপর কী ধরনের শুল্ক আরোপ করা হবে বা কোন আইনি ক্ষমতায় তা করা হবে- সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি।

ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেছে। যুক্তরাষ্ট্রের ভেতরেও বিষয়টি নিয়ে সংশয় রয়েছে। এ সময় কংগ্রেসের একটি দ্বিদলীয় প্রতিনিধি দল গ্রিনল্যান্ড সফর করে স্থানীয় সংসদ সদস্য ও ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেদেরিকসেনের সঙ্গে বৈঠক করে।

প্রতিনিধি দলের নেতা ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস বলেন, স্থানীয় মানুষের মতামত জানতেই তারা এই সফর করছেন এবং সেই মতামত ওয়াশিংটনে তুলে ধরা হবে।

গ্রিনল্যান্ডে বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে শতাধিক মার্কিন সেনা অবস্থান করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। ডেনমার্ক সতর্ক করে জানিয়েছে, ন্যাটোর কোনো সদস্য দেশের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করা হলে জোটের ভিত্তি দুর্বল হয়ে পড়বে।

ইতিমধ্যে ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য ডেনমার্কের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে এবং গ্রিনল্যান্ডে সীমিত সংখ্যক সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।