
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন পক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন, আর সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগকে দেখতে হবে—এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গত ৩১ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, গত বছর বাইপাস সার্জারির পর ভারতের এক কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছিল। তিনি আরও বলেন, ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন।
এই প্রসঙ্গে শুক্রবারের ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারত কি তাহলে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি জামায়াতে ইসলামীর সঙ্গেও যোগাযোগ রাখছে?
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অংশ হিসেবেই ভারতের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন পক্ষের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন। তিনি জানান, উল্লিখিত যোগাযোগকে সেই প্রেক্ষাপটেই দেখা উচিত।


































