বুধবার । মে ৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৮ জানুয়ারি ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
শেয়ার

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকি


amir-hamja

মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তিনি নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান।

ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লেখেন, ‘একটু জানিয়ে রাখি— গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ।’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘আপনাদের কাছে অনুরোধ রইল— কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি আমার অনুপস্থিতিতে সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন।’

এ বিষয়ে জানতে চাইলে মুফতি আমির হামজা বলেন, পাবনা-৪ আসনের বিএনপির এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব সরাসরি একটি টেলিভিশন টকশোতে হুমকি দিয়েছেন। নিরাপত্তার স্বার্থে আগামীকাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলেও জানান তিনি। পাশাপাশি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সবাইকে অবহিত করবেন।

নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল থেকে হুমকি আসছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট কোনো পক্ষের নাম বলা যাচ্ছে না। বিভিন্ন মাধ্যম থেকেই হুমকি আসছে। বিষয়টি আগামীকাল পর্যন্ত পর্যবেক্ষণ করে জিডি করবেন।

নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপাতত বড় ধরনের ঝুঁকি মনে করছেন না। বিষয়টি দলীয়ভাবে নজরদারিতে রয়েছে। পরিবারের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মেয়েগুলো ছোট, দুশ্চিন্তা তো থাকেই। সবাই তো এক রকম না। দেখলেন না হাদি সাহেবের কী হয়ে গেল।’