
ছবি: সংগৃহীত
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডকে ‘ভয়াল ও বেদনাবিধুর’ আখ্যা দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের সংগ্রাম অব্যাহত থাকবে।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর শাহবাগ জাদুঘরের নলিনীকান্ত অডিটোরিয়ামে এক ব্যতিক্রমধর্মী চিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ‘শাপলার শহীদচিত্র : অদেখা সত্যের ফ্রেম’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে। শাপলা চত্বরের শহীদদের স্মরণ, ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরা এবং নতুন প্রজন্মের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই প্রদর্শনী।
উদ্বোধনী বক্তব্যে মামুনুল হক আরও বলেন, ‘আগামীর রাজনীতি শাপলার চেতনাকে ধারণ করেই গড়ে উঠবে। ২০১৩ সালে যারা শাহাদাতবরণ করেছেন, তারা এই বাংলার সূর্য সন্তান। তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করবে।’ তিনি মনে করেন, ইতিহাসের সত্য অনুসন্ধান ও তা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়া বর্তমান সময়ের অন্যতম দাবি।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের নেতৃত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মঞ্জুর আহমেদ, জাগপা মুখপাত্র রাশেদ প্রধান, শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন এবং খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রদর্শনীতে বিভিন্ন আলোকচিত্র, তথ্যচিত্র এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনার মাধ্যমে ৫ মে-র ঘটনার নানা দিক তুলে ধরা হয়েছে। আয়োজকরা জানান, ইতিহাসের আলোচনাকে গবেষণাভিত্তিক ও প্রমাণনির্ভর করা এবং নতুন প্রজন্মকে সচেতন করে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রদর্শনীতে তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।











































