বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৮ জানুয়ারি ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন
শেয়ার

রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ


rumin-farhana

ফোইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে। সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ অভিযোগ আনা হয়।

গত শনিবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে চিঠিটি পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সরাইলের ইসলামাবাদ গ্রামে প্যান্ডেল করে বড় আকারের জনসমাবেশ আয়োজন করেন রুমিন ফারহানা, যা নির্বাচন আচরণবিধির পরিপন্থী। পরে তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযোগে আরও বলা হয়, এ সময় রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেন এবং আঙুল উঁচিয়ে হুমকি দেন। তার সঙ্গে থাকা ব্যক্তিরাও মারমুখী আচরণ করেন, যা বিচারিক কাজে বাধা সৃষ্টি ও ‘মব’ তৈরি করার শামিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর লিংকও চিঠিতে সংযুক্ত করা হয়েছে।

এদিকে, রোববার বিকেলে সরাইল উপজেলার কালীকচ্ছ এলাকায় মতবিনিময় সভায় রুমিন ফারহানা প্রশাসনের উদ্দেশে নিরপেক্ষ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “কাউকে ডান চোখ, কাউকে বাম চোখে দেখবেন না। ৫ আগস্টের কথা মনে রাখতে হবে। নিরপেক্ষতা না থাকলে যেকোনো আসনেই ৫ আগস্টের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।”

তবে বৃদ্ধাঙ্গুল প্রদর্শনের অভিযোগ অস্বীকার করেছেন রুমিন ফারহানা। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সভা থেকে প্রশাসনের প্রতি অসৌজন্যমূলক আচরণের প্রসঙ্গ বোঝাতে গিয়ে তিনি কেবল ভঙ্গি দেখিয়েছেন, বাস্তবে কাউকে উদ্দেশ্য করে তা করেননি। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন কারো পক্ষ নেবে না।