
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে কর্তব্যরত এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার দিবাগত রাতে ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের সেবা সাময়িকভাবে বন্ধ রাখেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চিকিৎসা কার্যক্রম শুরু হয়।
হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৭০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নাজমা বেগম (৩৩) নামে এক রোগীর মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, স্যালাইনের মাধ্যমে দেওয়ার কথা থাকলেও সরাসরি ইনজেকশন পুশ করায় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে রাত আনুমানিক ১টার দিকে রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে, এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ নিচে নামানো হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।








































