
ফাইল ফটো
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার (২৪ জানুয়ারি) ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইসিসি বোর্ডের সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেনে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাঞ্জোগ গুপ্তা। তার চিঠিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান ও দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বোর্ডের সিদ্ধান্ত মেনে নিতে বিসিবি অস্বীকৃতি জানানোয়, বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দলকে সুযোগ দেওয়া ছাড়া আইসিসির সামনে আর কোনো বিকল্প ছিল না।
এর আগে গত বুধবার আইসিসি সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে বাংলাদেশ নিজেদের আগের সিদ্ধান্তেই অনড় থাকার সিদ্ধান্ত নেয়।










































