
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পর থেকেই সংহতি জানিয়ে আসছিল পাকিস্তান। এমনকি বিসিবির পাশে দাঁড়িয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি বিশ্বকাপ বয়কটের হুমকিও দিয়েছিলেন। তবে এর মাঝেই আজ রোববার (২৫ জানুয়ারি) পাকিস্তান তাদের বিশ্বকাপ দল ঘোষণা করায় অনেকেই ভেবেছিলেন তারা অবস্থান পরিবর্তন করেছে।
তবে দল ঘোষণার পরপরই নাটকীয় মোড় দিলেন নির্বাচক কমিটির সদস্য আকিভ জাভেদ। গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়েছেন, স্কোয়াড ঘোষণা করা হলেও বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ এখনো শতভাগ নিশ্চিত নয়। তার এই মন্তব্য ক্রিকেট বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আকিভ জাভেদ জানান, নির্বাচক হিসেবে তাদের দায়িত্ব ছিল সময়সীমার মধ্যে দল চূড়ান্ত করা এবং তারা সেটিই করেছেন। কিন্তু টুর্নামেন্টে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত না আসা পর্যন্ত তাদের অংশগ্রহণ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
মজার বিষয় হলো, বাংলাদেশের মতো পাকিস্তানকে বিশ্বকাপ খেলতে ভারত যেতে হচ্ছে না। গত বছরের একটি ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার কথা। সেই হিসেবে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায় এবং ভারতকেও সেখানে গিয়েই পাকিস্তানের মুখোমুখি হতে হবে।
এত সুযোগ থাকার পরেও স্রেফ বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপ বর্জন করে কি না, সেটিই এখন দেখার বিষয়। পিসিবি চেয়ারম্যান এবং নির্বাচকদের এমন অবস্থানে ক্রিকেটবোদ্ধারা মনে করছেন, বিশ্বকাপের নাটকীয়তা এখনো শেষ হয়ে যায়নি।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল











































