
আইসিসির সিদ্ধান্তে বিশ্বকাপের মঞ্চ থেকে বাংলাদেশের নাম বাদ পড়লেও এ বিষয়ে কোনো আইনি বা সালিশি প্রক্রিয়ায় যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে অনুষ্ঠিত বোর্ড সভায় আইসিসির ঘোষণাকে মেনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিসিবি।
আইসিসির সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছিল, বিসিবি চাইলে বিষয়টি আদালত বা সালিশি ট্রাইব্যুনালে নিতে পারে। তবে আইসিসি বোর্ড সভায় ১৪–২ ভোটে সিদ্ধান্ত গৃহীত হওয়ায় তা পরিবর্তনের আইনি ভিত্তি নিয়ে শুরু থেকেই সংশয় ছিল।

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানান, আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই। তিনি বলেন, আইসিসি যেহেতু জানিয়েছে বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে পারবে না বা ম্যাচ অন্যত্র স্থানান্তর করা হবে না, সে ক্ষেত্রে আইনি পথে যাওয়ার প্রশ্নই ওঠে না।
এর আগে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি সরকারের। আমজাদ হোসেনও একই কথা উল্লেখ করে বলেন, আইসিসি বোর্ড সভার পর সরকারের ক্যাবিনেট বৈঠকে স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে- নির্ধারিত সূচিতে পরিবর্তন না এলে বাংলাদেশ দল ভারতে গিয়ে অংশ নেবে না।
তিনি আরও জানান, আইসিসি ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান জানতে চাইলে সরকারকে সম্মান জানিয়ে বিসিবি একই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে এবং বিনয়ের সঙ্গে জানিয়েছে, বর্তমান ফিক্সচার অনুযায়ী বাংলাদেশের পক্ষে খেলতে যাওয়া সম্ভব নয়।






































