
ফাইল ছবি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একটি বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
নির্দেশনায় বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে শুধু তথ্য জানানো বা সচেতন করতে পারবেন। তবে তিনি কোনোভাবেই গণভোটে ‘হ্যাঁ’ কিংবা ‘না’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাতে পারবেন না।
নির্বাচন কমিশন জানায়, সরকারি কর্মকর্তাদের এ ধরনের প্রচারণা গণভোটের ফলাফলের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। ফলে এটি গণভোট অধ্যাদেশ, ২০২৫ এবং আরপিও, ১৯৭২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, উল্লিখিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ছাড়া বিষয়টি অবহিতকরণ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদসচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, ভিডিপিসহ সব আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।






































