শনিবার । মার্চ ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৩০ জানুয়ারি ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
শেয়ার

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত: মার্ক বুচার


Mark-Butcher

ইংল্যান্ডের সাবেক ব্যাটার মার্ক বুচার বলেছেন, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার ঘটনাটি ভবিষ্যতের বৈশ্বিক টুর্নামেন্টগুলোর জন্য একটি দৃষ্টান্ত হওয়া উচিত। এতে ক্রিকেটের স্বচ্ছতা ও মর্যাদা রক্ষা পাবে বলে মনে করেন তিনি। উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে এ মন্তব্য করেন বুচার।

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে গত ৪ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায়। তবে ২১ জানুয়ারি আইসিসি জানায়, বাংলাদেশকে নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। বিসিবি নিজেদের অবস্থানে অনড় থাকায় আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনাকে ‘একেবারে বিশৃঙ্খল অবস্থা’ বলে মন্তব্য করেন বুচার। তিনি এ পরিস্থিতির তুলনা টানেন গত বছরের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের পাকিস্তানে না যাওয়ার ঘটনার সঙ্গে।

বুচার বলেন, অতীতেও বিভিন্ন সময় দলগুলোর অবস্থানের কারণে টুর্নামেন্টের কাঠামো বদলাতে হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে যেভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা আগে দেখা যায়নি।

বাংলাদেশের বাদ পড়ার ঘটনাকে ভবিষ্যতে অনুসরণযোগ্য নজির হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কোনো দল সরকারি সিদ্ধান্ত কিংবা নিরাপত্তা–সংক্রান্ত কারণে কোনো দেশে গিয়ে খেলতে না চাইলে তাদের বাদ দিয়ে পরবর্তী দলকে সুযোগ দেওয়া উচিত এবং টুর্নামেন্ট তাদের ছাড়া চালিয়ে নেওয়াই ন্যায্য পথ।

৫৩ বছর বয়সী মার্ক বুচার ১৯৯৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট খেলেছেন। এই সময়ে ৮টি সেঞ্চুরির সাহায্যে তাঁর সংগ্রহ ৪ হাজার ২৮৮ রান। টেস্ট ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটের অন্য দুই সংস্করণে তিনি ইংল্যান্ডের হয়ে খেলেননি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮০ ম্যাচে ৩৮টি সেঞ্চুরিসহ তাঁর মোট রান ১৭ হাজার ৮৭০। পাশাপাশি ঘরোয়া টি–টোয়েন্টিতে ১৩ ম্যাচে দুটি ফিফটির ইনিংস খেলেছেন এই সাবেক ইংলিশ ব্যাটার।