শনিবার । মার্চ ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ন
শেয়ার

আইসিসি থেকে সুখবর পেল নারী ক্রিকেটাররা


bangladesh-women-team

ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে আবারও সুখবর পেয়েছেন বাংলাদেশ নারী দলের একাধিক ক্রিকেটার। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ উন্নতি করে ১৯ নম্বরে পৌঁছেছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনিই।

সোবহানা মোস্তারী ১৬ ধাপ এগিয়ে বর্তমানে ৩৬ নম্বরে অবস্থান করছেন। শারমিন আক্তার সুপ্তা ১৩ ধাপ পিছিয়ে ৪৮ নম্বরে নেমেছেন। ওপেনার দিলারা আক্তার ৫ ধাপ উন্নতি করে ৬৫ নম্বরে পৌঁছেছেন।

বোলারদের মধ্যে রাবেয়া খান আগের মতোই ১৪তম অবস্থানে রয়েছেন। নাহিদা আক্তার ৮ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন। ফাহিমা খাতুন কিছুটা পিছিয়ে ৩৩ নম্বরে নেমেছেন।

বিশাল লাফ দিয়েছেন স্বর্ণা আক্তার; ৪৩ ধাপ উন্নতি করে ১০০ এর বাইরে থেকে ৭৪ নম্বরে অবস্থান করছেন। মারুফা আক্তারও ২০৬ ধাপ উন্নতি করে সেরা ১০০-এর মধ্যে জায়গা করে নিয়েছেন এবং বর্তমানে ৯২ নম্বরে রয়েছেন।

বাংলাদেশ নারী দল টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। বাছাইপর্বে অভিজ্ঞ ব্যাটার ও নতুন মুখরা একের পর এক শক্তিশালী ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন।