শনিবার । মার্চ ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ন
শেয়ার

ক্রিকেট আইনে বড় পরিবর্তন আনল এমসিসি


MCC

ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) খেলার প্রচলিত নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন আইনে টেস্ট ও একাধিক দিনের ক্রিকেটে দিনের শেষ ওভারের নাটকীয়তা ধরে রাখতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। এমসিসি জানিয়েছে, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া নতুন আইনে মোট ৭৩টি গুরুত্বপূর্ণ সংশোধন ও ভাষাগত পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, টেস্ট বা প্রথম শ্রেণির ক্রিকেটে দিনের শেষ ওভারে কোনো উইকেট পড়লেও খেলা আর সঙ্গে সঙ্গে বন্ধ করা যাবে না। ওই ওভারের বাকি বলগুলো সম্পন্ন করতেই হবে এবং নতুন ব্যাটারকে ক্রিজে নেমে খেলতে হবে। এমসিসির ব্যাখ্যায় বলা হয়েছে, শেষ ওভারে উইকেট পড়লে নতুন ব্যাটার নামানো ছাড়াই দিনের খেলা শেষ করার সুযোগ ব্যাটিং দলের জন্য অন্যায্য সুবিধা তৈরি করত এবং এতে ম্যাচের উত্তেজনাও কমে যেত।

বাউন্ডারির কাছে ফিল্ডারদের ‘বানি হপ’ ক্যাচ কৌশলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, কোনো ফিল্ডার বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে এসে শূন্যে থাকা অবস্থায় মাত্র একবারই বল স্পর্শ করতে পারবেন। ক্যাচ সম্পন্ন করতে হলে পরবর্তী সময়ে তাকে অবশ্যই বাউন্ডারির ভেতরে অবস্থান করতে হবে।

উইলো কাঠের সংকট এবং ব্যাটের উচ্চমূল্য কমানোর লক্ষ্যে প্রাপ্তবয়স্কদের ক্লাব ক্রিকেটে ‘ল্যামিনেটেড’ বা জোড়া দেওয়া কাঠের ব্যাট ব্যবহারের অনুমতি দিয়েছে এমসিসি। টাইপ–ডি এই ব্যাট ২০১৭ সাল থেকে শুধু জুনিয়র ক্রিকেটে বৈধ ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে নয়, কেবল ঘরোয়া ও ক্লাব পর্যায়ের ম্যাচে এই ব্যাট ব্যবহার করা যাবে।

হিট উইকেটের সংজ্ঞাতেও পরিবর্তন আনা হয়েছে। শট খেলার পর ভারসাম্য হারিয়ে কিছুক্ষণ পর স্টাম্পে পড়ে গেলেও ব্যাটার আউট হবেন। তবে ভারসাম্য ফেরানোর সময় কোনো ফিল্ডারের সঙ্গে ধাক্কা লেগে স্টাম্পে পড়লে সেটি আউট হিসেবে গণ্য হবে না। পাশাপাশি ব্যাট হাত থেকে ছুটে সরাসরি স্টাম্পে লাগলে আউট, কিন্তু ব্যাট অন্য কোনো ফিল্ডার বা উইকেটকিপারকে স্পর্শ করে স্টাম্পে লাগলে সেটি নট আউট হিসেবে বিবেচিত হবে।

এ ছাড়া ম্যাচের শেষ ইনিংসে অধিনায়ক আর ইনিংস ঘোষণা বা ‘ডিক্লেয়ার’ করতে পারবেন না—নতুন আইনে এমন বিধানও যুক্ত করা হয়েছে।

এমসিসি জানিয়েছে, এসব নতুন আইন ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মগুলো প্রয়োগ হবে কি না, সে বিষয়ে আইসিসির ক্রিকেট কমিটির আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এমসিসির আইন ব্যবস্থাপক ফ্রেজার স্টুয়ার্ট বলেন, আধুনিক ক্রিকেটের সঙ্গে সামঞ্জস্য রাখতে ১৭৮৭ সাল থেকে চলে আসা আইনগুলো সময়োপযোগী করে হালনাগাদ করা হয়েছে।