শনিবার । মার্চ ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
শেয়ার

বিশ্বকাপে না খেললেও হা-হুতাশ নয়: সালাউদ্দিন


Salahuddin

নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তকে খুব বড় করে দেখছেন না বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিশ্বকাপ নিয়ে আক্ষেপ নয়, বরং বর্তমান বাস্তবতায় দলের উন্নতিতেই মনোযোগ দিতে চান তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) অদম্য টি–টোয়েন্টি কাপ টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিশ্বকাপে না খেলা প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, বিশ্বকাপ খেলছে না—এ নিয়ে হা-হুতাশ করে বসে থাকার মানুষ তিনি নন। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে বর্তমান অবস্থায় নিজের সেরাটা দেওয়াই তাঁর লক্ষ্য।

তিনি বলেন, দুশ্চিন্তাগ্রস্ত মনোভাবই আসলে সমস্যার মূল। কাল কী হবে, কেউ জানে না—এমন বাস্তবতায় অহেতুক উদ্বেগ না করে খেলাটার উন্নতিতে মনোযোগী হওয়া প্রয়োজন।

বিশ্বকাপে অংশ না নিলেও ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস ও প্রতিযোগিতার ভেতরে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করেছে অদম্য টি–টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টে ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন। তিনি বলেন, এই টুর্নামেন্টকে ছোট করে দেখার সুযোগ নেই, কারণ দেশের সেরা ক্রিকেটাররাই এখানে অংশ নিচ্ছেন।

প্রসঙ্গত, আইপিএলে চড়া দামে বিক্রি হওয়ার পর মোস্তাফিজুর রহমানকে একটি টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতি ঘটে। এরপর নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আপত্তি জানায় বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানের মতো বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা গ্রহণ করেনি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

মোস্তাফিজুর রহমানের মানসিক অবস্থা নিয়ে প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, তিনি নিজেই মোস্তাফিজকে বিষয়টি জানতে চেয়েছিলেন। তখন মোস্তাফিজ বলেছিলেন—যা চলে যাওয়ার, তা চলে গেছে। তাঁর মতে, যেসব বিষয় নিজের নিয়ন্ত্রণে নেই, সেগুলো নিয়ে দুশ্চিন্তা না করাই একজন ক্রিকেটারের জন্য ভালো।