
ছবি: সংগৃহীত
নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা গুরুতর যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তদন্তে অভিযোগগুলোর মধ্যে কয়েকটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে বিসিবি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাহানারা আলমের উত্থাপিত চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। এই দুটি অভিযোগই নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে আনা হয়েছিল।
বিসিবি জানায়, তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে— মঞ্জুরুল ইসলামের কিছু আচরণ ও কর্মকাণ্ড সুপ্রিম কোর্ট প্রণীত গাইডলাইন অনুযায়ী ‘অসদাচরণ’ এবং ‘যৌন হয়রানি’র পর্যায়ে পড়ে। অভিযোগগুলোর প্রাথমিক প্রমাণ পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিসিবির অভ্যন্তরীণ বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এর আগে গত বছরের নভেম্বর মাসে আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বিসিবি। দীর্ঘ সময় ধরে সাক্ষ্য গ্রহণ ও তথ্য যাচাইয়ের পর চলতি বছরের ৩১ জানুয়ারি তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়। পরে ২ ফেব্রুয়ারি প্রতিবেদনটি বিসিবি সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, অভিযুক্ত মঞ্জুরুল ইসলামের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয় গত বছরের ৩০ জুন। এর পর থেকে তিনি আর বোর্ডের সঙ্গে কোনো দায়িত্বে যুক্ত নেই।











































