
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিশাল সংগ্রহকে মামুলি বানিয়ে আরও একবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। হারারেতে অনুষ্ঠিত সেমিফাইনালে ৩১০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট ও ৫৩ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে ভারত।
রান তাড়া করে জেতার ক্ষেত্রে এটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে এক নতুন বিশ্ব রেকর্ড। এই জয়ের মাধ্যমে শিরোপা নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে আফগানিস্তান। দুই টপ অর্ডার ব্যাটারের জোড়া সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ৩১০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। ওপেনার ফয়সাল সিনোজাদা ৯৩ বলে ১৫টি চারের সাহায্যে ১১০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। অন্যদিকে উজাইরউল্লাহ নিয়াজাই ৮৬ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। আফগানদের এই ব্যাটিং প্রদর্শনীতে মনে হয়েছিল ভারত হয়তো চাপে পড়বে।
৩১০ রানের বিশাল লক্ষ্য তাড়ায় মোটেও দমে যায়নি ভারতের যুবারা। বরং ইনিংসের শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার। অ্যারন জর্জ ১০৪ বলে ১১৫ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে জয়ের ভিত গড়ে দেন। অপর ওপেনার বৈভব সূর্যবংশী মাত্র ৩৩ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এরপর অধিনায়ক আয়ুশ এমহাত্রের ৬২ ও ভিহান মালহোত্রার অপরাজিত ৩৮ রানে ভর করে মাত্র ৪১.১ ওভারেই ৩১১ রান তুলে ফেলে ভারত।
এই জয়ের মাধ্যমে নিউজিল্যান্ডের ২০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল ভারত। ২০০৬ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩০৫ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল কিউইদের দখলে, যা আজ টপকে গেল ভারত।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটি টানা ষষ্ঠবার ভারতের ফাইনাল দখলের নজীর। এর আগে ২০১৬, ২০১৮, ২০২০, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপেও তারা ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে। সর্বোচ্চ ফাইনাল খেলার রেকর্ডও ভারতের দখলে, যেখানে অস্ট্রেলিয়া সর্বোচ্চ ছয়বার এবং পাকিস্তান পাঁচবার ফাইনালে পৌঁছেছে।
আগামী শুক্রবার আসরের মেগা ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। গত কয়েক আসরের ধারাবাহিকতা ধরে রেখে এবারও শিরোপা ঘরে তোলাই এখন প্রধান লক্ষ্য ভারতীয় যুবাদের।










































