বুধবার । মার্চ ১১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৫ পূর্বাহ্ন
শেয়ার

বিমান ভ্রমণে বিশ্বের শীর্ষ ১০ দেশ


biman

ফাইল ছবি

বিশ্বজুড়ে পর্যটন ও ব্যবসার প্রসারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিমান যাত্রীর সংখ্যা। সম্প্রতি আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে বিমান ভ্রমণে সক্রিয় বিশ্বের শীর্ষ ১০টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় এশিয়ার দেশগুলোর দাপট যেমন বেড়েছে, তেমনি উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোও তাদের অবস্থান ধরে রেখেছে।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী বিমানে ভ্রমণ করেন, সেগুলো হলো-

১) মার্কিন যুক্তরাষ্ট্র: তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বার্ষিক যাত্রী সংখ্যা প্রায় ৯২৭ মিলিয়নেরও বেশি। বিশাল অভ্যন্তরীণ বাজার এবং বিশ্বের প্রধান ব্যবসায়িক হাব হওয়ার কারণে প্রতি বছর রেকর্ড সংখ্যক মানুষ এখানে বিমানে যাতায়াত করেন।

২) চীন: দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। দেশটির বার্ষিক যাত্রী সংখ্যা প্রায় ৬৬০ মিলিয়ন। মধ্যবিত্ত শ্রেণির আয় বৃদ্ধি এবং অভ্যন্তরীণ রুটে ব্যাপক উন্নয়নের ফলে চীন দ্রুত যুক্তরাষ্ট্রের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছে।

৩) আয়ারল্যান্ড: জনসংখ্যার তুলনায় আয়ারল্যান্ডের অবস্থান সবাইকে চমকে দেওয়ার মতো। দেশটি তালিকায় তৃতীয়। এর মূল কারণ হলো বিশ্বের অন্যতম বড় স্বল্পমূল্যের বিমান সংস্থা ‘রায়ানএয়ার’ আয়ারল্যান্ডে নিবন্ধিত, যা পুরো ইউরোপজুড়ে কোটি কোটি যাত্রী পরিবহন করে।

৪) ভারত: চতুর্থ স্থানে রয়েছে ভারত। বার্ষিক প্রায় ১৬৭ মিলিয়ন যাত্রী নিয়ে ভারত এখন বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বিমান বাজার। আগামী কয়েক বছরে ভারত যাত্রী সংখ্যায় আয়ারল্যান্ডকে ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

৫) যুক্তরাজ্য: ইউরোপের অন্যতম প্রধান প্রবেশদ্বার হওয়ায় যুক্তরাজ্য তালিকায় পঞ্চম। লন্ডন হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরের মাধ্যমে দেশটি প্রতি বছর প্রায় ১৪২ মিলিয়ন যাত্রী সামাল দেয়।

৬) রাশিয়া: বিশাল ভৌগোলিক আয়তনের দেশ রাশিয়ায় এক শহর থেকে অন্য শহরে যাওয়ার প্রধান মাধ্যম বিমান। বছরে প্রায় ৯৭ মিলিয়ন যাত্রী পরিবহন করে দেশটি ষষ্ঠ স্থানে রয়েছে।

৭) তুরস্ক: তুরস্কের অবস্থান সপ্তম। ইস্তাম্বুলকে বিশ্ব ভ্রমণের সংযোগস্থল (ট্রানজিট পয়েন্ট) হিসেবে গড়ে তোলায় দেশটির যাত্রী সংখ্যা এখন প্রায় ৬৯ মিলিয়ন। তুর্কি এয়ারলাইন্স বিশ্বের সবচেয়ে বেশি দেশে ফ্লাইট পরিচালনা করে।

৮) ব্রাজিল: লাতিন আমেরিকার একমাত্র প্রতিনিধি হিসেবে ব্রাজিল তালিকায় অষ্টম। বছরে প্রায় ৬২ মিলিয়ন যাত্রী দেশটিতে আকাশপথে যাতায়াত করেন।

৯) মেক্সিকো: পর্যটন ও উত্তর আমেরিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কারণে মেক্সিকো তালিকায় নবম স্থানে রয়েছে। দেশটির বার্ষিক যাত্রী সংখ্যা প্রায় ৫৪ মিলিয়ন।

১০) জাপান: তালিকায় দশম স্থানে রয়েছে জাপান। বার্ষিক ৪৫ মিলিয়ন যাত্রী নিয়ে দেশটি এখনো এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান বাজার হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ-এর তথ্যমতে, আগামী এক দশকে বিমান ভ্রমণের মূল কেন্দ্রবিন্দু হবে এশিয়া। বিশেষ করে ভারত ও ভিয়েতনামের মতো দেশগুলো দ্রুত তালিকার উপরের দিকে উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।