
কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ।। ফাইল ছবি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে খেলার জন্য সরাসরি চুক্তিতে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। ৬ কোটি ৪৪ লাখ রুপিতে পিএসএলের আগামী আসরে লাহোরের হয়ে খেলবেন ফিজ।
আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।
এক পোস্টে লাহোর জানায়, ‘মোস্তাফিজুর রহমানকে এর আগে ২০১৬ এবং ২০১৮ সালেও দলে নেওয়া হয়েছিল। এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হয়ে আমাদের পরিবারে ফিরে এসেছেন। ৬ কোটি ৪৪ লাখ রুপিতে তাকে দলে নেওয়া হয়েছে।’
২০১৬ সালে লাহোর দলে থাকলেও খেলার সুযোগ পাননি মোস্তাফিজ। ২০১৮ আসরে লাহোরের হয়ে ৫ ম্যাচ খেলে ওভারপ্রতি ৬.৪৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
পিএসএলের আগের দশ আসর ড্রাফট পদ্ধতিতে হলেও প্রথমবারের মত আগামী আসরে নিলাম অনুষ্ঠিত হবে। আগামী ১১ ফেব্রুয়ারি নিলাম অনুষ্ঠিত হবে।
নতুন দু’টি দল যুক্ত হওয়ায় আগামী আসরে ৮টি দল নিয়ে পিএসএল মাঠে গড়াবে। ২৩ মার্চ থেকে শুরু হবে পিএসএলের একাদশ আসর।












































