শনিবার । মার্চ ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
শেয়ার

টি–টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান শ্রীলঙ্কার


SL PAK
টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পাকিস্তানকে অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠানো এক বার্তায় এ আহ্বান জানায় তারা।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠেয় ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বাংলাদেশের প্রতি সংহতি জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তারা। ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়।

এক দশকেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। দুই দল কেবল বৈশ্বিক বা আঞ্চলিক টুর্নামেন্টেই মুখোমুখি হয়।

এসএলসি জানায়, ম্যাচ বয়কট করলে শ্রীলঙ্কা ক্রিকেট বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে এবং দেশটির পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হবে, যা ২০২২ সালের অর্থনৈতিক সংকটের পর এখনো পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি।

শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে বলেছে, ‘কোনো ধরনের অংশগ্রহণে বিরত থাকলে এর ব্যাপক প্রভাব পড়বে। এতে এসএলসির জন্য বড় আর্থিক ঝুঁকি তৈরি হবে এবং প্রত্যাশিত পর্যটন আয় হারানোর আশঙ্কা রয়েছে।’

পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে এসএলসি জানায়, নিরাপত্তা উদ্বেগের কারণে যখন অন্য দেশগুলো পাকিস্তান সফর থেকে বিরত ছিল, তখন আন্তর্জাতিক ক্রিকেট পুনরুজ্জীবনের লক্ষ্যে শ্রীলঙ্কা সেখানে সফর করেছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিশেষ পরিস্থিতি, আমাদের দুই বোর্ডের দীর্ঘদিনের সম্পর্ক এবং ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলার বিষয়ে আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি।’

আজ শনিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজ দেশে টি–টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। একই দিনে কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।

তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলেও নকআউট পর্বে উঠলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে মুখোমুখি হতেই হতে পারে। এ বিষয়ে পাকিস্তান দলের অধিনায়ক সালমান আগা বৃহস্পতিবার জানান, সেমিফাইনাল বা ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হলে সরকারের সঙ্গে পরামর্শ করা হবে।