মঙ্গলবার । মে ২৬, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৬ পূর্বাহ্ন
শেয়ার

শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির সাড়ে ৭ বছরের কারাদণ্ড


nargis

নার্গিস মোহাম্মদি | ছবি: সংগৃহীত

ইরানে শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদিকে সাড়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রোববার (৮ ফেব্রুয়ারি) তার আইনজীবী মোস্তফা নিলি এ তথ্য নিশ্চিত করেন। খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও ষড়যন্ত্রের অভিযোগে তাকে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তার ওপর দুই বছরের দেশত্যাগ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে তাকে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে তার সাজা দাঁড়িয়েছে সাড়ে সাত বছর।

দীর্ঘদিন ধরেই ইরানে মৃত্যুদণ্ড ও নারীদের জন্য বাধ্যতামূলক পোশাক নীতির বিরুদ্ধে সোচ্চার অবস্থানে রয়েছেন নার্গিস মোহাম্মাদি। এসব কারণে গত প্রায় ২৫ বছর ধরে তিনি একাধিকবার বিচার ও কারাবরণের মুখোমুখি হয়েছেন। গত এক দশকের বেশি সময় তিনি মূলত কারাগারেই কাটিয়েছেন।

কারাগারে থাকা অবস্থায় নিজের আটক পরিস্থিতি এবং আইনজীবী ও পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে না পারার প্রতিবাদে গত ২ ফেব্রুয়ারি অনশন শুরু করেন তিনি। নার্গিস ফাউন্ডেশনের এক বিবৃতিতে জানানো হয়, অনশনের ষষ্ঠ দিনে তিনি তা প্রত্যাহার করেছেন। তবে তার শারীরিক অবস্থা এখনো গুরুতর ও উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে তার আইনজীবী মোস্তফা নিলি জানান, আদালতের দেওয়া রায়টি চূড়ান্ত নয় এবং এর বিরুদ্ধে আপিল করা হবে। গুরুতর স্বাস্থ্যগত সমস্যার কথা বিবেচনায় নিয়ে চিকিৎসার জন্য তাকে সাময়িক জামিনে মুক্তি দেওয়া হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মানবাধিকার রক্ষায়, বিশেষ করে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ও আন্দোলনের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে নার্গিস মোহাম্মাদিকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।