শনিবার । মার্চ ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ন
শেয়ার

বিশ্বকাপ না খেলায় শাস্তি নয়, উল্টো সুখবর পেল বাংলাদেশ


icc & bcb

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় বাংলাদেশের ওপর যে শাস্তির আশঙ্কা তৈরি হয়েছিল, তা পুরোপুরি কেটে গেছে। শাস্তির বদলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের জন্য দিয়েছে বড় সুখবর। কোনো ধরনের জরিমানা নয়, বরং একটি বৈশ্বিক ক্রিকেট আসর আয়োজনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হঠাৎ পাকিস্তান সফরেই আসে এই অগ্রগতি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির সঙ্গে ঝটিকা বৈঠক শেষে জোড়া সাফল্য নিয়ে ফিরেছে বিসিবি।

আইসিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুপস্থিত থাকার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কোনো আর্থিক, ক্রীড়াগত কিংবা প্রশাসনিক শাস্তি দেওয়া হবে না। একইসঙ্গে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশকে আরও একটি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে বিসিবির ওপর কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত হয়নি পক্ষগুলো। একইসঙ্গে বিসিবি চাইলে বিরোধ নিষ্পত্তি কমিটি (ডিআরসি)-তে যাওয়ার অধিকার সংরক্ষণ করবে, যা আইসিসির বিদ্যমান বিধিমালার আওতাভুক্ত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সমঝোতার অংশ হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—২০৩১ বিশ্বকাপের আগেই বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে। তবে এই আয়োজন আইসিসির প্রচলিত আয়োজক নির্বাচন প্রক্রিয়া, সময়সূচি ও পরিচালনাগত শর্তাবলীর সাপেক্ষে হবে।

আইসিসি বলছে, এই সিদ্ধান্ত আয়োজক হিসেবে বাংলাদেশের সক্ষমতার ওপর আস্থার প্রতিফলন এবং সদস্য দেশগুলোর মাঝে অর্থবহ আয়োজক সুযোগ প্রদানের প্রতিশ্রুতিকে আরও জোরালো করে।

এ প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী সনযোগ গুপ্তা বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক। তবে এটি বাংলাদেশকে একটি প্রধান ক্রিকেট জাতি হিসেবে আইসিসির দীর্ঘস্থায়ী অঙ্গীকারকে পরিবর্তন করবে না।’