রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শেয়ার

জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না


manna

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত জামানত রক্ষা করতে পারেননি। নির্বাচনে তিনি কেটলি প্রতীকে মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২। নির্বাচনী আইন অনুযায়ী, জামানত রক্ষার জন্য অন্তত ১২.৫ শতাংশ ভোট প্রাপ্তি প্রয়োজন, যা এই আসনে ৩০ হাজার ৪৭৬ ভোট হয়। কিন্তু মান্না পেয়েছেন মাত্র ১.৪ শতাংশ ভোট।

নির্বাচনের আগে রাজনৈতিক মহলে আলোচনা ছিল যে, বিএনপি হয়তো এই আসন মাহমুদুর রহমানের জন্য ছেড়ে দিতে পারে। তবে শেষ পর্যন্ত দলটি জোটের হিসেবে না গিয়ে নিজেদের প্রার্থী মীর শাহে আলমকে মনোনয়ন দেয়। মান্না কেটলি প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফলাফলে দেখা গেছে, এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট। ভোটগ্রহণ হয়েছে মোট ভোটারের ৭২.৬৩ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, বড় দলগুলোর প্রার্থী থাকার কারণে এবং শেষ মুহূর্তে কোনো সমঝোতা না হওয়ায় ভোটের মাঠে মাহমুদুর রহমান মান্না প্রভাব বিস্তার করতে পারেননি, যা ফলাফলে স্পষ্ট প্রতিফলিত হয়েছে।