শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১০ অপরাহ্ন
শেয়ার

৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ জামায়াতের, আইনি পদক্ষেপের ঘোষণা


jamat

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব আসনে ফলাফল স্থগিত, পুনর্গণনা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিল। নির্বাচন সম্পন্ন হলেও বিভিন্ন স্থানে কারচুপি, জালিয়াতি এবং ভোট প্রদানে বাধার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। অনেক জায়গায় এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন।

তিনি জানান, প্রায় ৩০টি আসনে তারা চরম অনিয়ম লক্ষ্য করেছেন। কিছু রেজাল্ট শিটে ওভাররাইটিং ও কাটাকাটির অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনের দিনই এসব বিষয় রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছিল। কিছু আসনে দ্রুত ফল প্রকাশ হলেও, ইচ্ছাকৃতভাবে কিছু আসনের ফল বিলম্বিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। উদাহরণ হিসেবে ঢাকার কয়েকটি আসনে ভোর ৫টায় ফলাফল পাওয়ার কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যেসব আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে, সেসব বিষয়ে স্থানীয়ভাবে রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং ভোট পুনর্গণনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবহিত করে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রসঙ্গে তিনি দাবি করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে তাদের কর্মী-সমর্থক, এজেন্ট এমনকি নারী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে শতাধিক হামলার তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। বিভিন্ন স্থানে গুরুতর আহত ও মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি নতুন বাংলাদেশে সহিংসতামুক্ত রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা ব্যক্ত করেন।