
ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ রানে হারিয়ে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। শেষ ওভারের চূড়ান্ত লড়াইয়ে অধিনায়ক ফাহিমা খাতুন লঙ্কান ব্যাটারদের দমিয়ে রাখেন এবং জয় নিশ্চিত করেন।
টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ইশমা তানজিম ও শামিমা সুলতানা ৪৮ রান যোগ করে শক্ত ভিত্তি গড়ে দেন। ইশমা ৩০ এবং শারমিন সুলতানা ২৯ রান করে দলকে এগিয়ে রাখেন।
তবে উদ্বোধনী জুটির বিদায়ের পর মিডল অর্ডার ব্যর্থতার কারণে শেষ ১৪ ওভারে মাত্র ৭৭ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ১১৫ রান অলআউট হয় বাংলাদেশ। শ্রীলঙ্কার সাচিনি নিসানসালা ৪ উইকেট নিয়ে দলকে চাপে ফেলেন।
১১৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশি বোলারদের চাপে পড়ে শ্রীলঙ্কা। বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলার বোলিংয়ে ভেঙ্গে পরে শ্রীলঙ্কার টপ অর্ডার। তবে হানসিমা করুণারত্নে, আমা কাঞ্চানা ও সাচিনি নিসানসালার ইনিংস ম্যাচকে শেষ পর্যন্ত ধরে রাখে।
শেষ ওভারে দরকার ছিল ১১ রান। তবে ফাহিমা খাতুনের করা ওভারটিতে তারা ৮ রান তুলতে পারে। তাতেই রোমাঞ্চকর এক জয় পায় বাংলাদেশের নারীরা। দলের হয়ে সানজিদা আক্তার মেঘলা ৩ উইকেট নেন, ফাহিমা খাতুন ও লতা মণ্ডল ১টি করে উইকেট শিকার করেন।










































